কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তায় সাইনবোর্ড বসানোর উদ্যোগ


রাঙামাটি : জেলার কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ ভবনের ‘কিন্নরী’ সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৮ আগস্ট চট্টগ্রাম থেকে আসা ৪ পর্যটক কাপ্তাইয়ের সুউচ্চ ‘সীতার পাহাড়ে’ উঠে আটকে পড়েন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে কাপ্তাই ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে।
পর্যটকেরা কাউকে না জানিয়ে পাহাড়ের চূড়ায় উঠেছিলেন। সেখানে বুনো হাতির আক্রমণের আশঙ্কাও রয়েছে। পর্যটকদের নিরাপত্তায় এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের প্রস্তাব করা হলে ইউএনও তাৎক্ষণিকভাবে সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেন।
একই সঙ্গে স্থানীয় নৌকা ও সাম্পান মাঝিদের পর্যটকদের সতর্ক করার বিষয়ে অবহিত করার জন্য কমিটির সদস্যদের অনুরোধ জানানো হয়।










